শেষ হলো সিংড়া আইসিটি ক্যারিয়ার উৎসব
নাটরের সিংড়ায় দেশে প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হলো ক্যারিয়ার সম্মেলন। জেলার গোল-ই আফরোজ সরকারি অনার্স কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে অংশ নেন সফল ফ্রিল্যান্সার ও আইসিটি ব্যবসায়ী ও উদ্যোক্তারা। সম্মেলনে নিবন্ধিত সাড়ে তিন হাজার শিক্ষার্থীকে দেয়া হয় প্রযুক্তি প্রশিক্ষণ। প্রশিক্ষিত তরুণরা সম্মেলনে অংশ নেয়া ২৭টি আইটি প্রতিষ্ঠানে জমা দেন চাকরির আবেদন পত্র। জমা পড়ে ৩৬৪১টি চাকুরির আবেদন ও জীবন বৃত্তান্ত। সেই আবেদন থেকে ১৩০০ জন পেয়েছেন সাক্ষাৎকার সুযোগ। এদের মধ্য থেকে সমাপনী অনুষ্ঠানে যোগ্যদের হাতে তুলে দেয়া হয় চাকরির নিয়োগ পত্র।
শনিবার সম্মেলনের সমাপনী দিনে অনুষ্ঠিত হয় ৫টি শেসন। প্রথম সেশন ‘স্মার্ট ক্যারিয়ার ফর স্মার্ট সিংড়া’ প্যানেল আলোচনায় অংশ নেন এজ প্রকল্প পরিচালক ড. মুহাম্মদ মেহেদী হাসান, বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ, উদ্ভাবক শিবলী সাদিক, গোল্ডেন হার্ভেস্ট এর প্রশিক্ষক গৌরাঙ্গ কুমার মন্ডল, উই এর সদস্য আফসানা ইয়াসমিন।
এরপর ‘ইনোভেশন অ্যান্ড ডিজিটাল এন্ট্রাপ্রেনিউরশিপ ফর স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় অংশ নেন হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ড. খন্দকার আজিজুল ইসলাম,’ বাক্কোর মহাসচিব তৌহিদ হোসেন, ইকবাল বাহার জাহিদ ও কোডার ট্রাস্ট বিডি এর আবাসিক প্রতিনিধি মো. আতাউল গনি ওসমানি এবং ‘আপ স্কিলিং ফ্রম অ্যানিহোয়ার’ শীর্ষক আলোচনায় পঞ্চগড়ের দয়াল চন্দ্র বর্মন ও নগদ এর পাবলিক অ্যাফেয়ার্স অফিসার সোলাইমান সুখন।





